
নিজস্ব প্রতিবেদক
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এসব সার কেনা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এবং কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে কেনা হবে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার।
রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। এতে ব্যয় হবে ১৬৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে প্রতিষ্ঠানটির রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় অষ্টম লটে এসব সার আমদানি করা হবে।
কানাডা থেকে আসবে ৮০ হাজার টন এমওপি সার
কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। পঞ্চম ও ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন করে সার আমদানি করা হবে।
প্রতিটি লটে ব্যয় হবে ১৮৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। দুই লটে মোট ব্যয় দাঁড়াবে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার।
বিএডিসি ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এসব সার আমদানি করা হবে।
সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার
সৌদি আরবের প্রতিষ্ঠান মা’আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের পঞ্চম লটে এসব সার আমদানিতে ব্যয় হবে ৪২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৮৬১ দশমিক ৫০ মার্কিন ডলার।
বিএডিসি ও মা’আদেনের মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এ সার আমদানি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে তিন দেশ থেকে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রক্রিয়া এগিয়ে যাবে। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন এমওপি এবং ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC