শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে থাকবেন সাক্কু

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla - Monirul Haque Sakku-Monirul Haq Chowdhury
মনিরুল হক সাক্কু-মনিরুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা এবং সদর দক্ষিণ) আসনে এবার বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। দলীয় এই প্রার্থী চূড়ান্ত হওয়ায় তিনি নিজে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়েছেন।

গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক সাক্কু এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগেও তিনি গণসংযোগে ঘোষণা দিয়েছিলেন যে, মনিরুল হক চৌধুরীকে যদি বিএনপি মনোনয়ন দেয়, তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না। তবে, অন্য কেউ মনোনয়ন পেলে তিনি স্বতন্ত্রভাবে লড়বেন।

সাক্কু বলেন, “দল একজন শিক্ষিত, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে এই আসনে প্রার্থী করেছে। তাকে জেতাতে সব ধরনের কাজ করব।” তিনি মনে করেন, “মনিরুল হক চৌধুরী প্রার্থী হওয়ায় বিএনপি সদরে টিকে গেছে। ইয়াছিন ও কায়সার ছাড়া সবাই এক ছাতার নিচে চলে আসছে। দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভোটের ক্ষেত্রে বড় ধরনের ফ্যাক্টর।”

“নির্বাচনী মাঠে আমি আছি। মনির ভাইকে জেতাতে সব কিছু করব। এই মুহূর্তে বিএনপিকে ধরে রাখতে হবে। দলের সঙ্গে অভিমান করা যাবে না। এত বড় মাপের নেতা এই আসনে উপহার দেওয়ায় নেত্রী ও তারেক রহমানকে অভিনন্দন জানাই। মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হব না।”

প্রসঙ্গত, গত সোমবার বিকালে সংবাদ সম্মেলন করে সারা দেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

গত ২৬ অক্টোবর মনিরুল হক সাক্কু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অথবা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

আরও পড়ুন