
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী মিছিল চলাকালে ফয়সল আহমেদ নামের এক দুষ্কৃতিকারী হুন্ডা মোটরসাইকেল নিয়ে মিছিলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে কয়েকজন কর্মী আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর ফারুক ও আবুল বাশারের নেতৃত্বে নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এ হামলায় কর্মী শাহজালাল সায়েম গুরুতরভাবে আহত হন। তার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এছাড়া ফারুক ও মাহবুবসহ আরও পাঁচজন কর্মী মারাত্মকভাবে আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কিছু অশুভ শক্তি বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিক সমাজসহ দেশপ্রেমিক সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
সকল ভোটার ভাই-বোনদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুন। কোনো অশুভ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করে ইনসাফ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষাংশে বলা হয়, সত্যের বিজয় হবেই—ইনশাআল্লাহ। পাশাপাশি উপস্থিত থাকার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC