
নিজস্ব প্রতিবেদক
স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলিয়ে মোট প্রায় ৫০ লাখ টাকার সম্পদের মালিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি তার নামে ব্যাংকে রয়েছে ২৬ লাখ টাকার সোনা।
তিনি ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষিজমি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এসব তথ্য প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।
গত সোমবার (২৯ ডিসেম্বর) তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় এই তথ্য উল্লেখ করেন।
হলফনামায় তিনি আরও জানান, তার মালিকানায় রয়েছে ১ লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। তার নামে বর্তমানে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।
তিনি ব্যবসায়ী পেশায় নিয়োজিত এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। তবে পিতা-মাতা, স্ত্রী বা সন্তানের নামে ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে তার কোনো ঋণ নেই।
হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনি ব্যবসা করছেন এবং তার স্ত্রী একজন গৃহিনী।
হাসনাত আবদুল্লাহ এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এই আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC