
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, “আপনি যাকে ইচ্ছা ভোট দেন। আমরা আশা করি, সৌহার্দ্য–সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারও সঙ্গে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।”
তিনি আরও বলেন, “আমরা কোনো সহিংসতা বা শঙ্কা থেকে মুক্ত থাকতে চাই। ভোট উৎসবের মতো—ভোট তো ভয়ের নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।









