বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP candidate Manjurul Munshi's writ petition dismissed in Comilla-4 constituency, he will not be able to contest the election
কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না/ছবি: সংগৃহীত

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নিজের মনোনয়নপত্র পুনর্বহালের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা–৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলেই মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্টে রিট খারিজ হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকলো।

আরও পড়ুন