
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা রইলো না।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল করেন।
জানা গেছে, হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ না করা এবং প্রার্থী দ্বৈত নাগরিক কিনা- সেটি স্পষ্ট না করায় তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।










