
নিজস্ব প্রতিবেদক

দাউদকান্দি–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–১ সংসদীয় আসন এবং হোমনা–মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–২ সংসদীয় আসন আগের সীমানায় পুনর্বহাল করতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ।
নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশের পর নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী সাংবাদিকদের বলেন, ইসির করা লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেছেন। ফলে কুমিল্লা–১ ও কুমিল্লা–২ আসনসংক্রান্ত সীমানা পুনর্নির্ধারণে ইসির গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট বহাল থাকছে। এই সীমানা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–১ সংসদীয় আসন এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–২ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হয়।
এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১ আসন ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এবং কুমিল্লা–২ আসন ছিল হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে।
কুমিল্লার এই দুটি আসনসংক্রান্ত গত বছরের ৪ সেপ্টেম্বরের গেজেটের অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনসহ ছয় ব্যক্তি গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন।
এই মামলায় বিবাদী হিসেবে যুক্ত হন কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন এবং মেঘনা উপজেলার বাসিন্দা এম এ মিজানুর।
চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জানুয়ারি রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে দাউদকান্দি–তিতাস উপজেলার পরিবর্তে দাউদকান্দি–মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–১ আসন এবং হোমনা–মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–২ আসনের সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত ইসির গেজেটের অংশবিশেষ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়।
একই সঙ্গে আগের মতো দাউদকান্দি–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা–১ আসন এবং হোমনা–মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা–২ আসন পুনর্বহাল করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে নতুন গেজেট প্রকাশের নির্দেশও দেওয়া হয়।
হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতের ১১ জানুয়ারির কার্যতালিকায় ওঠে। ওই দিন শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন এবং লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল রাখেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন পৃথকভাবে লিভ টু আপিল দায়ের করেন। এসব আবেদনের শুনানি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে এবং শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত রাখার আদেশ দেন।
আজকের শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী কামাল হোসেন মিয়াজী উপস্থিত ছিলেন।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী সাইফুল ইসলাম উজ্জ্বল। স্বতন্ত্র প্রার্থী এ এম মতিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ আল মামুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC