
“কুমিল্লা-১ আসনে আমাদের একনিষ্ঠ এক নারী কর্মীর ওপর জামাত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংস হামলা” দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ছবিটি ভিন্ন একটি ঘটনার।
মিথ্যা কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
আসল ঘটনা দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ছবিটি যাচাই করতে প্রথমে গুগল রিভার্স ইমেজ সার্চ এবং সোশ্যাল মিডিয়া অনুসন্ধান করা হয়। দেখা গেছে, ছবিটি গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহীতে ঘটে যাওয়া একটি ছিনতাই ঘটনার এবং কুমিল্লা-১ আসনের কোনো রাজনৈতিক কর্মীর ওপর হামলার নয়।
প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাজশাহীর বিমানবন্দর রোডে “Tahmina Hossain Pakhi” নামক এক নারী জিম থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তার হাতে দুইটি ব্যাগ জড়ানো ছিল। দুইজন হেলমেট পরিহিত যুবক মোটরবাইকে করে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে।
ব্যাগ দুইটি হাতে জড়ানো থাকায় ছিনতাইকারীরা সহজে নিতে পারছিল না। এক পর্যায়ে তারা নারীটিকে চলন্ত রিকশা থেকে টেনে রাস্তার মাঝখানে ফেলে দেয়। তিনি রাস্তায় পড়ে যান এবং পা, হাত ও মাথায় গুরুতর আঘাত পান।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচনি সময়ে ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য নির্বাচনি পরিবেশকে বিষাক্ত করে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করা হয়।
সুতরাং, কুমিল্লা-১ আসনে নারী কর্মীর ওপর জামাত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংস হামলার দাবিতে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে রাজশাহীর বিমানবন্দর রোডে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ছিনতাই ঘটনার। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।





