
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ১০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।









