
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৫০০টি টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
সোমবার (১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক মীর আলী এজাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন গোলাবাড়ী পোস্টের টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কুমিল্লার বিবিরবাজার সীমান্তসংলগ্ন গোলাবাড়ী এলাকার বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদক ও চোরাচালান রোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC