
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় হুন্ডির মাধ্যমে ভারতে পাচারের সময় নগদ ২৮ লাখ টাকা জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। অভিযানে একজন পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় কটকবাজার বিজিবি পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে বিষ্ণপুর এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে নগদ ২৮ লাখ টাকা ও আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন ফোরকান উদ্দিন (৩৫), পিতা বাবুল মিয়া, গ্রাম তেতাভুমি, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা হুন্ডির মাধ্যমে ভারতে পালিয়ে থাকা রাজনৈতিক নেতাকর্মীদের কাছে টাকা পাচারে জড়িত।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, “অবৈধভাবে ভারতে টাকা পাচারের অভিযোগে ফোরকান উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে পাঠানো হবে।”
বিজিবি জানিয়েছে, জব্দকৃত টাকা ও মোবাইল ফোনসহ ফোরকানকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC