
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আওতাধীন চৌয়ারা এলাকায় তল্লাশি চালানো হয়। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। এ ঘটনায় জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC