সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - BGB seizes illegal goods worth Tk 8.7 million in Comilla border operation
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

এর অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্সটি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া মঙ্গলবার রাতে জেলার সীমান্তবর্তী প্রায় ৮ কিলোমিটার এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা।

পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন