মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা সীমান্তে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Indian sarees-three-piece worth around Tk 5.7 million seized at Comilla border
কুমিল্লা সীমান্তে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ/ছবি: বিজিবির সৌজন্যে

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তবর্তী নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন