
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে সীমান্তে জব্দ প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সরাইল রিজিয়নের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করার তথ্য জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আয়োজিত মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, কুমিল্লা ১০ বিজিবি এবং সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল জানান, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সর্বশেষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা চারজনকে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত টহলও আরও জোরদার করা হচ্ছে, যাতে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ কার্যকরভাবে দমন করা যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC