সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন হাসনাত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hasnat announces NCP candidate for Comilla city election Tariqul
কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন হাসনাত

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড়ে অবস্থিত নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মী এবং নগরবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

এদিকে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নগরী এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। তিনি অভিযোগ করেন, শহরের ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কুমিল্লার নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, কুমিল্লা নগরীর সমন্বয়কারী সিরাজুল হক এবং কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন