
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ, সদর দক্ষিণ উপজেলা, আদর্শ সদর উপজেলা ও লালমাই উপজেলা-এর সীমানা নির্ধারণ এবং নতুন ময়নামতি উপজেলা গঠনের প্রস্তাবসমূহ সরেজমিনে পরিদর্শন ও যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই কুমিল্লা অঞ্চলের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
এই কমিটিকে যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (অডিট শাখা)কে আহ্বায়ক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিবকে সদস্য সচিব করে মোট ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) উপ-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এমপি মনিরুল হক চৌধুরীর প্রচেষ্টায় ইতোমধ্যে সেখানে একটি সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়েছে।
এছাড়া, উপজেলা গঠনের জন্য করা আবেদনের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের কার্যপরিধির অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ হলে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার মধ্যে সীমানা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে উভয় উপজেলার সীমানা পুনর্নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC