
রাইজিং কুমিল্লা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সবার আগে হতে পারে দেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন। ইতোমধ্যে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
এ খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লা নগরীর চায়ের টং দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে— কে হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)-এর নতুন মেয়র বা প্রশাসক।
কুমিল্লা সিটির মেয়র পদে বিএনপিপন্থী চারজন আলোচনায়
এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। এই প্রেক্ষাপটে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপিপন্থী চারজন নেতার নাম আলোচনায় এসেছে।
তারা হলেন— কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য কাউসার জামান বাপ্পি, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
দলীয় মনোনয়নে মেয়র পদে নির্বাচন হলে এই চারজনই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই তাদের পক্ষে সমর্থকরা ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের পর সেই প্রচারণা ভার্চ্যুয়াল মাধ্যমেও জোরালো হয়েছে।
নির্বাচনের আগে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলেও সম্ভাব্য প্রশাসক হিসেবেও এই চারজনের নাম আলোচনায় রয়েছে।
এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে দুইবার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো. শাহআলম।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের প্রায় দুই লাখ ত্রিশ হাজার ভোটার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন পর এই নির্বাচনকে ঘিরে নগরজুড়ে আলোচনা, বিশ্লেষণ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।
২০১১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তিনবার নির্বাচন এবং একবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মহানগরের বাসিন্দাদের মতে, তারা এমন একজন মেয়র চান যিনি সরকারের সঙ্গে সমন্বয় করে সিটির উন্নয়নে কাজ আদায় করতে পারবেন।
বর্তমানে কুমিল্লা নগরীর প্রধান সমস্যা—
তীব্র যানজট।
অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়া।
ফুটপাত-সড়ক দখল করে দোকানপাট বসে যাওয়া।
শিশু-কিশোরদের খেলাধুলার জায়গার অভাব।
অসংখ্য পুকুর ভরাট হয়ে যাওয়ায় বর্ষা এলেই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি।
নগরবাসীর মতে, সময়ের সঙ্গে মানুষের রুচি বদলেছে। তাই যিনি এসব নগর সমস্যার সমাধানে দক্ষ এবং জনকল্যাণে মাঠে নেমে কাজ করবেন— তাকেই তারা মেয়র হিসেবে দেখতে চান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC