
রাইজিং কুমিল্লা ডেস্ক
নগরীর যানজট কমানো ও সড়ক-ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
রোববার (২৮ জুন) বিকেলে নগরীর রানীবাজার, নজরুল এভিনিউ, কান্দিরপাড়ের পূবালী চত্বরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের ভ্যান ও বিভিন্ন পণ্য জব্দ করা হয়। কয়েকটি ভ্যান ভেকুর মাধ্যমে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা না করার জন্য হকারদের সতর্ক করা হয়।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জনগণের চলাচলে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। হকারদের বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, কুমিল্লা সিটি মার্কেটের ৩, ৪, ৫ ও ৬ তলা হকারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগ্রহীরা সেখানে দোকান নিতে পারবেন। পাশাপাশি হকার্স মার্কেটের প্রচারের মাধ্যমেও ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC