
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকার বিভিন্ন ওয়ার্ডের অটোরিকশা ও মিশুক মালিক এবং চালকদের লাইসেন্স দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে সিটি কর্পোরেশন।
রোববার (৯ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মার্ট অটোরিকশা/মিশুক লাইসেন্সিং ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধের পর আবেদন গ্রহণযোগ্য হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা এবং একই ব্যক্তি মালিক ও চালক—এমন আবেদনকারীরা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে সব আবেদনকারীকেই সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একই ব্যক্তি বা পরিবার থেকে কেবল একটি মালিক অথবা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। একাধিক লাইসেন্সের জন্য আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদপত্র এবং অটোরিকশা/মিশুক কেনার বৈধ রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সব কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হবে।
প্রতিটি আবেদনের জন্য নির্ধারিত ফি ২০০ টাকা। ব্যাংক কার্ড, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। আবেদন ও ফি পরিশোধের পর সংশ্লিষ্ট আবেদনকারীর মোবাইল নম্বরে ফিরতি এসএমএস পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব ধরনের লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। পরবর্তীতে প্রতিবছর লাইসেন্স নবায়ন করতে হবে।
এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রশিক্ষণে উত্তীর্ণ চালকদের মধ্য থেকে পরবর্তীতে ডোপ টেস্টে উত্তীর্ণদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে আবেদন বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদন গ্রহণ, বাতিল বা বিবেচনার ক্ষেত্রে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেভাবে আবেদন করবেন
অটোরিকশা/মিশুকের মালিক ও চালকদের লাইসেন্সের জন্য cocceasybike.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও আবেদন করা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC