
নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাম্বুরা ও বড় ধর্মপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিষয় পরিলক্ষিত হয়েছে।
জাম্বুরা এলাকায় অভিযানকালে পাহাড় কেটে মাটি সরানোর ঘটনায় জড়িত ভূমিদস্যুরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
অন্যদিকে, বড় ধর্মপুর এলাকার বল্লী ফ্যাক্টরির পাশে অবৈধভাবে মাটিকাটা শুরু করার অপরাধে ছালমা বেগম নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড় ও মাটি কাটার ফলে ভূমিধস, মাটির ক্ষয়, জীববৈচিত্র্যের হ্রাস, জলচক্রের ব্যাঘাত এবং পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এসব কারণে প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বেড়ে যায়। পাহাড় কাটার ফলে পাহাড়ের ঢাল নষ্ট হয়, স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আরও তীব্র হয়, যা একটি দেশের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অপরাধ পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল ও জরিমানা—উভয় দণ্ড প্রদান করা হবে। অবৈধ মাটিকাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।
এই অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC