
কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছে কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত তিনটি এক্সক্যাভেটরের মধ্যে দুটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয় এবং অপর একটি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে, কারণ তাৎক্ষণিকভাবে সবগুলো সরিয়ে আনার সুযোগ ছিল না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটি কাটা প্রতিরোধে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









