
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোঃ নিজামুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রফেসর ড. মো. নিজামুল করিম জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। আগামীকাল বুধবার তিনি বিদায়ী চেয়ারম্যান প্রফেসর জামাল নাছেরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
শিক্ষা বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রফেসর ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ড. নিজামুল করিম ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনাসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এর সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিষয়ে বিভাগীয় প্রধান, টিকিউআই-২ প্রকল্পে উপপ্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লায় কলেজ পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী)―এই ৬টি জেলার শিক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC