
নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট এক লাখ এক হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এর মধ্যে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। একই সাথে পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায়- ৫২ দশমিক ১৫ শতাংশ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫২ দশমিক ১৫ শতাংশ। এবার শূন্য শতাংশ পাস করেছে নয়টি প্রতিষ্ঠানে, শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি।
কুমিল্লা বোর্ডের ফলাফল বিশ্লেষণে আরও দেখা যায়, ফেনী জেলার পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ, লক্ষ্মীপুরে ৪৮ দশমিক ৯৫ শতাংশ, চাঁদপুরে ৪৮ দশমিক ৬২ শতাংশ, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১ দশমিক ৮১ শতাংশ।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম জানান, অন্যান্য সময়ে কেন্দ্রের সংখ্যা অনেক বেশি ছিল। এবার ১৬২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এছাড়া ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। উচ্চতর গণিতেও পাসের হার কম। ইংরেজিতে ফেলের হার বেশি থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
তিনি আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর পাসের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
এর আগে এই বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ এবং এবার ২০২৫ সালে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে কম।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাঁচটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে, নয়টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
একজনও পাস না করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি, লক্ষ্মীপুরের ৩টি, কুমিল্লার ২টি এবং চাঁদপুরের ১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC