
রাইজিং কুমিল্লা অনলাইন
ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির বলি হলেন কুমিল্লার এক কনফেকশনারি ব্যবসায়ী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুমিল্লা আদালতের উত্তর দিকের মগবাড়ি চৌমুহনী এলাকায় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় রেজাউল কবীর বুলবুল (৫৮) নামে ওই ব্যবসায়ী নিহত হন।
নিহত রেজাউল কবীর বুলবুল নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং মগবাড়ি এলাকায় তাঁর একটি কনফেকশনারি দোকান রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর মগবাড়ি এলাকার ব্যবসায়ী সমাজ এবং পুরাতন চৌধুরীপাড়ার এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এলাকা সূত্রে ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে রেজাউল কবীর বুলবুল বাইসাইকেলে করে কিছু মালামাল নিয়ে তাঁর দোকানের দিকে যাচ্ছিলেন। তিনি দোকানের কাছাকাছি পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কায় বুলবুল গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শহরের এই ধরনের অটোরিকশার 'আগ্রাসন' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, "নগরীতে দীর্ঘদিন ধরে অটোরিকশার আগ্রাসন চলছে। কোনো নিয়ম নীতি কেউ মানছেন না। এর আগেও আমাদের এক সহকর্মী ও কয়েকজন শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।" তিনি আরও যোগ করেন, "এদের থামাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, "বিষয়টি আমরা শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC