
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। রাস্তার পাশে, ফুটপাত, ড্রেন ও ভবনের সামনে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা এবং ফুটপাত দখল করে হকারদের দোকান বসানোর বিরুদ্ধে জরুরি নির্দেশনা জারি করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত, ড্রেন ও ভবনের সামনে রড, সিমেন্ট, ইট, বালু, খোয়াসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ফুটপাত ও রাস্তা দখল করে হকার ও ভ্যানগাড়ি বসানোর কারণে যানজট বাড়ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে রাস্তা, ফুটপাত, ড্রেন ও ভবনের সামনের সব ধরনের নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
এতে আরও বলা হয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী জব্দ করবেন। প্রয়োজনে ঘটনাস্থলেই জব্দকৃত সামগ্রী স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
শহরকে যানজট ও জলাবদ্ধতামুক্ত রাখতে নির্মাণ প্রতিষ্ঠান, দোকান মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। একই সঙ্গে নগরবাসীকে জনস্বার্থে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC