
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট, মোবাইল ফোন, বাসমতি চাল, গরু, অলিভ অয়েল, বাজি, জিরা, ইস্কাপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, অভিযান পরিচালনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ভারতীয় পণ্যসামগ্রী আইনানুগ প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে।
লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC