
রাইজিং ক্যাম্পাস
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। মোট পরীক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ ফল পুনঃনিরীক্ষণের আবেদন করায় বিষয়টিকে ‘আশ্চর্যজনক’ হিসেবে দেখছে বোর্ড কর্তৃপক্ষ।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, “এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেশি।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চালানো হচ্ছে, যাতে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা যায়।”
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করার কথা রয়েছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৫ হাজার ৩৯৯ জন। বোর্ডটিতে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জনই ছাত্রী। গত বছরের তুলনায় সামগ্রিক পাসের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
বিভাগভিত্তিক ফলাফলে এবারও সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫০ দশমিক ৬১ শতাংশ।
এদিকে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এবার মোট ২৪টি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুলসংখ্যক পুনঃনিরীক্ষণের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে অতিরিক্ত জনবল দিয়ে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC