
কুবি প্রতিনিধি
পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দাওয়াতুল খায়ের মাহফিলের আয়োজন করেছে গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশপাশের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা। এরপর দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনায় শবে মেরাজের শিক্ষা, তাৎপর্য এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের শাখা সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন অপু বলেন, “শবে মেরাজ মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাত আমাদের আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি এবং নৈতিক উন্নতির শিক্ষা দেয়। এই পবিত্র উপলক্ষ্যে দাওয়াতুল খায়েরের আয়োজন করতে পেরে আমরা গর্বিত।”
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ সমাজে ছড়িয়ে দেওয়াই গাউসিয়া কমিটির মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা সংগঠনটির মানবসেবামূলক অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC