
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ সেশনের প্রথমবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) স্ব স্ব বিভাগ এ প্রোগ্রামের আয়ােজন করে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল, বিভিন্ন উপহার, কলম ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সরবরাহকৃত শিক্ষার্থী নির্দেশিকা প্রদান করা হয়।
কলা ও মানবিক অনুষদের নবীন শিক্ষার্থী তানভীর হাসান। তিনি বলেন,“দীর্ঘ প্রতীক্ষা, পরিশ্রম আর অনিশ্চয়তার সময় পার করে অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। আজ প্রথম ক্লাসে অংশ নিয়ে মনে হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন সব মিলিয়ে দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাফি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সিনিয়র ভাই-বোনদের আন্তরিকতা এবং শিক্ষকদের উৎসাহ আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আশা করি, এখান থেকে শুধু একাডেমিক জ্ঞানই নয়, জীবনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধও অর্জন করতে পারব।”
ব্যবসায় শিক্ষা অনুষদের সাব্বির আহমেদ বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজের স্বপ্নগুলো বাস্তবায়নের পথচলা শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।”
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নুসরাত জাহান বলেন, “শৈশব থেকেই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ক্যাম্পাসে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তা সত্যিই অভিভূত করার মতো। আশা করি, এই জায়গা থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সোহরাব উদ্দিন বলেন, “নবীন শিক্ষার্থীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশের গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই, তারা এই পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলুক।”
এদিকে নবাগত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, একাডেমিক কাঠামো ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। একই সঙ্গে র্যাগিং ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রক্টরিয়াল বডি সক্রিয় রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC