
বিভিন্ন দাবি আদায়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বিতর্কিত কমিটি বাতিল, উপ-সহকারী প্রকৌশলী পদে ১০ম গ্রেড বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এর আগে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এক জরুরি বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় যে, সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা বর্জন করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।










