
RCumilla
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
আমরা কুমিল্লা বিভাগ চাই’, এই দাবিতে ছাত্রজনতা ও সাধারণ মানুষের সমন্বয়ে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে গিয়ে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
বক্তারা বলেন, প্রাচীন জনপদ সমতটের রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, ফরেন্স র্যামিটেন্স সংগ্রহ ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে এই জেলাটি বরাবরই অগ্রগামী। ফলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত প্রাসঙ্গিক।
তারা আরও বলেন- কুমিল্লা বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই “অদৃশ্য মহল” এর ষড়যন্ত্রে তা থেমে যায়। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি।
এসময় বক্তৃতা করেন- ছাত্রনেতা মহিবুল মানিক সরকার, তন্ময় ইসলাম হিমেল, ইরফান হাসান মুন্সী, পিয়াল হাসান মুন্না, আসিফ শেখ, রাজন, রাকিব ও আতিক মুন্সী। চান্দিনা মহিলা কলেজ, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরে স্থানীয় তরুণ-যুব সমাজ এবং সাধারণ মানুষও দাবির সাথে একাত্মতা করে এতে অংশ নেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC