
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ১০ নম্বর ওয়ার্ডে হাজারো নারী ভোটারের অংশগ্রহণে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও তাঁর সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকে কুমিল্লা সদর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
সভায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, “আমি দল ছাড়িনি। ধানের শীষের জন্যই কাজ করছি। আপনারা আমাকে ছাড়েন নাই, আমিও আপনাদের ছাড়ি নাই। শিল্পকলা একাডেমির ভেতরে দরজা বন্ধ করে ভোট জালিয়াতি করে কী হয়েছে—সবাই দেখেছে। তবুও আমি দল ছাড়িনি। আমি এখন দলের কোনো পদে না থাকলেও দলের প্রার্থীর জন্যই কাজ করছি।”
তিনি আরও বলেন, “এই শেষ সময়ে আপনাদের কাছে অনুরোধ—ধানের শীষে আমাদের মনিরুল হক চৌধুরীকে একটি ভোট দিন। কুমিল্লার যত সমস্যা, যত স্বপ্ন—আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাল্লাহ।”
নারী ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি বলেন, “আমরা আর যুদ্ধ চাই না। দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কিন্তু তা রুখে দিতে হলে নারীদেরই সামনে আসতে হবে। আমাদের অধিকার আমাদেরই বুঝে নিতে হবে।”
তিনি আরো বলেন, “ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী একজন দূরদর্শী ও বিচক্ষণ মানুষ। আমি বিশ্বাস করি, দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে 'গোল্ডেন জিপিএ–৫' নিয়ে তিনি বিজয়ী হবেন ইনশাল্লাহ।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “আমার পরিচয় জুলাইয়ের দাবির সঙ্গে, শহীদ আবু সাইদ ও ওয়াসিমদের রক্তের সঙ্গে। ভোট শুধু ব্যালটে সিল দেওয়া নয়—একটি ভোট মানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করা।”
তিনি আরও বলেন, “আপনি যেমন আপনার সন্তানের জন্য ভালো স্কুল বেছে নেন, ঠিক তেমনি ভোট দিয়ে জাতির জন্য ভালো নেতৃত্ব বেছে নিতে হয়। গত ১৫–১৭ বছরে আমরা প্রকৃত অর্থে ভোট দিতে পারিনি। এবার ভোট মানেই হচ্ছে নিজের অধিকার ফিরিয়ে আনা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. কাইমুল হক রিংকুর সহধর্মিণী ফেরদৌস আরা রত্না, বরুড়ার সাবেক যুবদল সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য দুলাল চেয়ারম্যান, সৈয়দ জাফর ইকবাল রানাসহ ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। সহযোগিতায় ছিলেন ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও মহানগর যুবদল নেতা সোহানুর রহমান ইয়াছিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC