
কুমিল্লা নগরীর একটি মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ চারজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দিরে এ ঘটনা ঘটে। একই সময় পাশের আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিস্ফোরণে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। এছাড়া মন্দিরসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া শিব মন্দিরে শনিপূজা চলছিল। এ সময় পুরোহিতসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ মন্দিরের ভেতরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি একটি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। তার পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি মন্দিরের ভেতরে রেখে দ্রুত দৌড়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।








