
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীকে ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জালমুক্ত করতে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত এ সভায় নগরীর বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অলিগলিতে ছড়িয়ে থাকা ক্যাবল টিভি এবং ইন্টারনেট সংযোগের তারগুলোকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নগরীর বিভিন্ন স্থানে বিদ্যমান তারের জট নিরসন, পরিত্যক্ত ও অকার্যকর ক্যাবল অপসারণ এবং সক্রিয় নেটওয়ার্কের তারগুলোকে গুচ্ছ বা বান্ডিল আকারে সুবিন্যস্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এছাড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শেষে নগরবাসীর সুবিধার্থে তারের জট ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত অপসারণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC