রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা থেকে ছয় নতুন মুখ এবার দেখা যাবে সংসদে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Selim Bhuiyan, Hasnat Abdullah, Haji Jasim Uddin, Atiqul Alam, Abul Kalam, Mobasher Alam Bhuiyan
বাম থেকে: সেলিম ভূঁইয়া, হাসনাত আবদুল্লাহ, হাজি জসিম উদ্দিন, আতিকুল আলম, আবুল কালাম, মোবাশ্বের আলম ভূঁইয়া/ছবি: সংগৃহীত/কোলাজ রাইজিং কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ছয়জন নতুন মুখ প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তারা প্রত্যেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এই নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে আটটিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এছাড়া একটি করে আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং একজন স্বতন্ত্র প্রার্থী। বিজয়ীদের মধ্যে ছয়জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—

  • কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

  • কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

  • কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির হাজি জসিম উদ্দিন

  • কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম

  • কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম

  • কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া।

স্থানীয়দের মতে, নতুন মুখরা সংসদে গিয়ে কী ধরনের ভূমিকা রাখবেন, তা দেখার জন্য তারা অপেক্ষা করছেন। তাদের প্রত্যাশা—নবনির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “সংসদে গিয়ে আমি এলাকার উন্নয়নের কথা বলব। আমার নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।”

নতুন এই নেতৃত্ব কুমিল্লার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সংসদে গিয়ে তারা কতটা সফলভাবে নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেন।

আরও পড়ুন