
উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এর মধ্যে দুপুরে ৪৫ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি ছিল।
অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলো— বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত “মোঃ সহিদ উল্লাহ–মোঃ মাহাবুবুল হক খন্দকার” প্যানেল, বিএনপির একাংশের জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল “মোঃ ইউসুফ আলী–তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)” এবং নিরপেক্ষ “ফারুক–জামান” পরিষদ।
এ বছর মোট ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেওয়া সব প্যানেলের প্রার্থীরাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আরও জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় ভোট গণনা শুরু হয়। রাতভর গণনা শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি সকল প্যানেলের প্রার্থী এবং কুমিল্লা বারের আইনজীবীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিজ্ঞ আইনজীবীগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।









