
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা থানায় মাদক কারবারিদের গোপন তথ্য সংগ্রহে পুলিশ একটি ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষের সুবিধার জন্য থানা কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘মাদক সংক্রান্ত যে কোনো অভিযোগ করুন’ লেখা একটি বিশেষ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
বিশেষ করে যারা পরিচয় প্রকাশ কিংবা পরবর্তীতে নানা ধরনের হয়রানির ভয়ে সরাসরি পুলিশের কাছে গিয়ে তথ্য দিতে সংকোচ বোধ করেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই মূলত এই উদ্যোগটি নেওয়া হয়।
পুলিশের এই পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবে এটির ব্যবহার এখনো বেশ সীমিত। এক মাস ধরে বাক্সটি স্থাপন করা হলেও এখন পর্যন্ত তাতে মাত্র একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ মনে করছেন, পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার এমন সুযোগের ফলে অপরাধ দমনে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমবে এবং মানুষ নির্ভয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, প্রতিদিন নিয়ম করে বাক্সটি পরীক্ষা করা হলেও এক মাসে মাত্র একটি অভিযোগ পাওয়া গেছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। আশানুরূপ সাড়া না মিললেও মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা নিশ্চিত করতে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
যেকোনো নতুন অভিযোগ পাওয়া মাত্রই তা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC