
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অংশ নেয়।
পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় অবৈধ আতশবাজি, সিল্ক, জর্জেট, সুতি ও কাতান শাড়ি, গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের লোশন, ডেরোবিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ফুসকা, সেভেন অয়েল, শ্যাম্পু, মিল্ক রাইস ক্রিম ও সাবান জব্দ করা হয়।
জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় ব্যাটালিয়নটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC