
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ ৪২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (২২ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, থ্রি-পিস, মদ, বিয়ার, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৪২ হাজার ৩০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC