
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
মিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভবন নির্মাণে অনিয়ম, অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে তদারকি অভিযান পরিচালনা করছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।
রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবুর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্মাণের অনুমোদন, পার্কিং, সেটব্যাক, সিঁড়ি, সীমানা প্রাচীর ও ভবনে যাতায়াতের পথসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে।
কুউক চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবু জানান, অভিযানে চারটি ভবনকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভবনের অনুমোদনের কাগজপত্র তলব করা হয়েছে। বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমোদন দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া ভবনগুলো হলো—নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, একই এলাকার বাদুরতলা সড়কের ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাট এলাকার আল আমিন হাউজিং লিমিটেডের আলম ভিলা।
এ ছাড়া ফৌজদারি মোড়ের ডেলমন ডেভেলপারসের লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার ও কাউসার গার্ডেন ভবনকেও নোটিশ দেওয়া হয়েছে। এসব ভবনের অনুমোদনের কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া কউকের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. সিরিফুল হক বলেন, অভিযানে গিয়ে কয়েকটি ভবনে নির্মাণকাজের অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। কোনো কোনো ভবনে বহুতল নির্মাণ করা হলেও শর্ত অনুযায়ী যাতায়াতের পথ রাখা হয়নি।
তিনি আরও বলেন, কিছু ভবনে পার্কিং বে না রাখা, নির্ধারিত সেটব্যাক না রাখা, সিঁড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে বিধিমালা অনুসরণ না করার বিষয়ও দেখা গেছে। এসব বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কুউক চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবু বলেন, নগরীর সৌন্দর্য, নিরাপত্তা ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ভবন নির্মাণে প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলা জরুরি। অনুমোদিত নকশার বাইরে বা নিয়মবহির্ভূতভাবে কোনো নির্মাণকাজ করা হলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নগরীর পরিকল্পিত উন্নয়ন এবং ভবন নির্মাণে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ এবং অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ না করার জন্য ভবন মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC