
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকার রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে সামনে থাকা চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসটির সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের তীব্রতায় কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন বলেন, দুর্ঘটনার পর দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC