
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন দক্ষিণ তেতাভূমি এলাকায় বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় পৌনে ১টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায়। এ সময় সেখানে রাখা ৬৯৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, উদ্ধার করা শাড়িগুলো কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।









