
নিজস্ব প্রতিবেদক
আগামী ডিসেম্বর মাসে ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে কুমিল্লার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার পাঁচটি উপজেলার গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি ও নজরদারি।
বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে বিবির বাজার স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক নজর রাখছেন সীমান্তরক্ষীরা।
স্থানীয় সূত্রের ভাষ্য, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কাছাকাছি হওয়ায় কুমিল্লার বিবির বাজার সীমান্ত ভৌগোলিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সম্প্রতি আগরতলা ও পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে পলাতক আওয়ামী লীগ নেতাদের বৈঠক ও তৎপরতা নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর এ সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
কুমিল্লার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ১০৩ থেকে ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বিবির বাজার স্থলবন্দর ছাড়াও কটকবাজার-গোলাবাড়ি, শশীদল, খারেরা-বাকশীমূল, জগন্নাথদীঘি এবং আলকরা-বাগমারা সীমান্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব পয়েন্টের বিপরীতে ভারতের সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া ও রাজনগর এলাকার অবস্থান।
এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি হওয়ায় চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি সীমান্ত পয়েন্ট কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফলে এ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তপথে সন্দেহজনক চলাচল ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
গত রোববার কুমিল্লা সেক্টর সদর দপ্তর, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শনকালে তিনি জানান, ডিসেম্বরকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতিও আহ্বান জানান তিনি।
এ সময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এবং সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বিবির বাজার ইমিগ্রেশন চেকপোস্ট ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
এদিকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তৎপরতা দেখা যাচ্ছে। কুমিল্লা সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন বলে তারা আশঙ্কা করছেন। এ কারণে বিজিবির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপি নেতা সালাউদ্দিন জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষায় তারা সতর্ক রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
অন্যদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন বলেন, চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে তার অবস্থান কঠোর। তার নির্বাচনী এলাকা দিয়ে কাউকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলছেন, অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির বাড়তি সতর্কতা ইতিবাচক। তবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তের স্বাভাবিক বাণিজ্য এবং বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সেদিকেও নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC