
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে রাজধানী ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯ লক্ষ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক শাহ জালাল।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে।
মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC