
কুমিল্লা জেলার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের সময় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান। স্থানীয় একটি বাড়িতে ইয়াবা বেচাকেনা ও সেবনের খবর পাওয়া গেলে মুরাদনগর থানা পুলিশ দ্রুত একটি দল পাঠায়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল্লাহ আল মাসুদ। সঙ্গে ছিলেন এসআই আলমগীর, এসআই নুরুল ইসলাম, এসআই রুহুল, এএসআই শামিমসহ অন্যান্য পুলিশ সদস্য। অভিযান চলাকালীন সময় চৌধুরীকান্দি এলাকার নিম্নলিখিত ব্যক্তিরা ইয়াবা সেবনরত অবস্থায় আটক হন:
নবীপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৪৭) ও মো. জুলহাস আহমেদ (৫৫), রামধনীমুড়ার মো. মশিউর রহমান (৪৫), মো. ইয়াসিন (৩০), মো. সবুর মিয়া, এবং নিমাইকান্দির মো. মনির হোসেন (৪৫), মো. সোহেল মিয়া।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত ৭ জনকে মোট ১,৪০০ টাকা জরিমানা এবং প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান বলেন, মাননীয় ধর্মমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, “মাদক যুব সমাজকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”









