
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিচ্ছেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার। ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও প্রচারণা শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী দুলালপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার বলেন, ‘একটি আধুনিক মডেল দুলালপুর ইউনিয়ন গড়ে তোলা, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ এবং এলাকায় ন্যায় ও ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল স্বপ্ন ও অঙ্গীকার। জনগণের সেবা করাই আমার ব্রত। এ লক্ষ্য বাস্তবায়নে আমি ইউনিয়নবাসীকে পাশে চাই। সবার দোয়া ও সমর্থন কামনা করছি।’
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সামাজিক বৈষম্য ও অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ।
পাশাপাশি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
তিনি আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে দুলালপুর ইউনিয়নের উন্নয়নে বহুদূর এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মাওলানা কাজী আব্দুল হান্নান সরকারের প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তাঁর সমর্থকেরা সামাজিক যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC