
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসা। ৯৭ দশমিক ৬ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফল অনুযায়ী, এ বছর মহালক্ষীপাড়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা রেজাউল করিম বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং এলাকাবাসীর সহযোগিতার ফলেই প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে। এ গৌরবময় সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাদেকুল ইসলাম বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণে এ ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC