
রাইজিং কুমিল্লা ডেস্ক
মালদ্বীপে মো. সজিব (২৭) নামে কুমিল্লার এক বাংলাদেশি প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মালদ্বীপে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর তার স্বজনদের জানান। পরে তারা জানতে পারেন, সজিবের শোবার ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
সজিবের চাচাতো ভাই সোহেল জানান, তারা জানতে পেরেছেন, সজিবের মরদেহ তার কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশিসহ তিনজন পলাতক রয়েছেন বলে তারা খবর পেয়েছেন। এ কারণে সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতের বাবা আবদুল খালেক জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান সজিব। তিনি অবিবাহিত ছিলেন। কারও সঙ্গে তার বড় ধরনের কোনো বিরোধ ছিল বলেও পরিবারের জানা নেই।
এ অবস্থায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।
তবে সজিবের মৃত্যুর ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে তার পরিবার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC